নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ঢাকা-১৮ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে রাজপথে জোরালো প্রচারণা চালিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় যুবদল উত্তরা পূর্ব ও পশ্চিমের সাবেক সভাপতি এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হুদা মিঠুর পক্ষ থেকে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উত্তরার আজমপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের চৌরাস্তা প্রদক্ষিণ করে। এরপর ১১ নম্বর সেক্টরস্থ উত্তরা স্কয়ারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আজমল হুদা মিঠু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিতে আমরা বদ্ধপরিকর। এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে ইনশাআল্লাহ জাহাঙ্গীর ভাই বিজয়ী হবেন এবং এই বিজয়ের মাধ্যমেই এই জনপদে গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।”
সমাবেশ থেকে আগামী নির্বাচনের দিন পর্যন্ত রাজপথে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
সংবাদ সারাক্ষণ- সকল সংবাদ একসাথে